প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সর্বস্তরের মানুষসহ বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাহসী মুক্তিযোদ্ধা, নিপীড়িত মা, বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদনকারী সকলকে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
দিনটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে একটি গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।
তারেক রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, ত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে পুনরুজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, "আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে আমাদের অন্তরে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনা ধারণ করতে হবে।"
দেশবাসীকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করছি। আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করব।"
প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
স্বত্ব © ২০২৬ ডিবিএন নিউজ