হারাগাছে এমপি আখতার হোসেনের সফর ঘিরে হরতালের ডাক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
হারাগাছে এমপি আখতার হোসেনের সফর ঘিরে হরতালের ডাক ছবির ক্যাপশন: হারাগাছে আখতার হোসেনের সফর ঘিরে বিএনপির হরতালের ডাক। ছবি: সংগৃহীত
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে ‘সাধারণ ভোটারদের’ ব্যানারে হরতালের ডাক দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪-এর সাধারণ ভোটারদের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল আমীন দাজু ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।

বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় ‘ছিনতাই’ করে আখতার হোসেন এমপি নির্বাচিত হয়েছেন। এমন পরিস্থিতিতে তার হারাগাছ সফর এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি করছে বলে দাবি করেন তারা। সফরের প্রতিবাদে যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান নেতারা।
অন্যদিকে, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের।

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এমপির সফর ঘিরে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। এ দাবির সমর্থনে তার অনুসারীরা এর আগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

নিউজটি পোস্ট করেছেন : ডিবিএন ডেস্ক

কমেন্ট বক্স