ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় ‘পরোক্ষভাবে’ জড়িত থাকবেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় ‘পরোক্ষভাবে’ জড়িত থাকবেন ট্রাম্প ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আসন্ন পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিতব্য আলোচনাকে তিনি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সোমবার ওয়াশিংটনে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ওই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হবে।’ দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা থেকে কী প্রত্যাশা করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়।’

ঘোষিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ওমানের দূতাবাসে আলোচনা শুরু হবে। ওমানের মধ্যস্থতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ট্রাম্প ইরানকে খুব কঠিন আলোচক হিসেবে উল্লেখ করে বলেন, ‘তারা খারাপ আলোচকও বটে। আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারতাম, বোমারু বিমান পাঠানোর বদলে।’ তিনি যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমানের প্রসঙ্গ টেনে বলেন, ইরান–ইসরায়েল সংঘাতের উত্তেজনার সময় এসব বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

প্রেসিডেন্ট আরও বলেন, ইরান চুক্তি করতে চায়। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না তারা চুক্তি না করার পরিণতি চায়। তারা চুক্তি করতে চায়।’

ওমানের মধ্যস্থতায় গত ৬ ফেব্রুয়ারি মাসকাটে প্রায় আট মাস বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করে। এর আগে, ইসরায়েলের হামলার জেরে ১২ দিনের যুদ্ধের পর আলোচনা স্থগিত ছিল। সাম্প্রতিক বৈঠকের পর উভয় পক্ষই ইতিবাচক মূল্যায়ন দেয়, যদিও পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় উত্তেজনা ছিল তুঙ্গে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, ইরান পুরোপুরি সমৃদ্ধকরণ বন্ধ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে সরিয়ে নিক।

এছাড়া ওয়াশিংটন আলোচনার পরিধি বাড়িয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টিও অন্তর্ভুক্ত করতে চায়। তবে তেহরান বারবার বলেছে, তারা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করবে।


নিউজটি পোস্ট করেছেন : ডিবিএন ডেস্ক

কমেন্ট বক্স