সম্প্রতি ফেসবুকে তার নাম ও ছবি ব্যবহার করে কিছু ফটোকার্ড ভাইরাল হয়। এসব ফটোকার্ডে তার উপস্থাপনার ধাঁচ নকল করে নানা বক্তব্য জুড়ে দেওয়া হলেও, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে হানিফ সংকেত বলেন, সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনকভাবে অনেকে না জেনেই এসব ফটোকার্ড ছড়িয়ে দিচ্ছেন।
তিনি আরও জানান, দীর্ঘ চার দশক ধরে তিনি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছেন। তার প্রকৃত বক্তব্য বা ফটোকার্ড কেবল তাঁর ভেরিফায়েড প্ল্যাটফর্ম ও স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশিত হয়। প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, অজানা বা অচেনা উৎস থেকে পাওয়া তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করবেন না, শেয়ারও করবেন না।
উল্লেখ্য, সম্প্রতি তার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ডে রাজনৈতিক একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সেই বক্তব্য নিজের নয় বলে স্পষ্টভাবে অস্বীকার করেছেন তিনি।
ডিবিএন ডেস্ক