রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যে বাসভবনের সামনে অবস্থান করছিলেন।
সেখানে দায়িত্বে থাকা বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করেন। তবে তারা স্থান ত্যাগে অনিচ্ছা প্রকাশ করলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিএন ডেস্ক